আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানি ও হত্যা চেষ্টা মামলার আসামী হৃদয় হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক রিমান্ডে আবেদন মঞ্জুর করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল বাতেন মৃধা জানান, গত ২ মার্চ নোবিপ্রবি’র ইংরেজি বিভাগের এক ছাত্রী জেলা শহরের লক্ষীনারায়নপুরে হৃদয়ের বোনকে পড়ানোর পর ফেরার পথে হৃদয় ছাত্রীটিকে তার মোটরসাইকেলে উঠার প্রস্তাব দেয়। ছাত্রীটি এতে রাজি না হলে হৃদয় তার শরীরের বিভিন্ন ষ্পর্ষকাতর স্থানে হাত দেয় এবং এক পর্যায়ে তাকে মাথায় আঘাত করে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ছাত্রীটির মাথা থেকে রক্তক্ষরন হয় এবং এক পর্যায়ে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। দীর্ঘ সময় চিকিৎসার পর সুস্থ্য হয়ে ছাত্রীটি মঙ্গলবার থানায় দিলে পুলিশ হৃদয়কে গ্রেপ্তার করে।