মাত্র ৪৮ ঘন্টার মধ্যে নেত্রকোনায় শিক্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। সেইসাথে আসামিদের গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যাকান্ডে জড়িত স্ত্রী ও শ্যালক। শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ সময় জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ঘটনার পর থেকেই পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনা রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিক্ষক উজ্জ্বল চৌধুরীর স্ত্রী সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে মনি বেগম স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সকল আলামত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নিহত উজ্জ্বল চৌধুরী মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে শরীর চর্চা সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ সময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, ফখরুজ্জামান জুয়েলসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।