জার্মানবাংলা রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেসব তথ্য পাওয়া যায় তা নিয়েই এ প্রতিবেদন-
নির্বাচনী হলফনামায় দেখা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বার্ষিক আয় ১১ লাখ ৩১ হাজার ৪৩৩ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এমএ পাস।
ঠিকানা: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন, মাতা ফাতেমা আমিন, ঠিকানা- মহল্লা: কালিবাড়ী, ওয়ার্ড নং: ৬, ডাকঘর: ঠাকুরগাও, থানা: ঠাকুরগাও সদর, উপজেলা: ঠাকুরগাও সদর, জেলা: ঠাকুরগাও। তার নির্বাচনী এলাকা ঠাকুরগাও-১। এছাড়া বিএনপি চেয়ারপারসনের আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
পেশা: তিনি পেশা উল্লেখ করেছেন ব্যবসায়ী ও পরামর্শক।
মামলা: বর্তমান ফৌজদারি মামলার পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাওয়া যায়নি। তবে ‘আংশিক’ তালিকা অনুযায়ী ৩৮টি মামলার মধ্যে তিনটিতে অব্যাহতি পেয়েছেন তিনি।
অতীতে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল সাতটি। ছয়টিতে তিনি অব্যাহতি পেয়েছেন। আর একটি মামলার চূড়ান্ত প্রতিবেদনের পর নথিজাত করা হয়েছে।
আয়: কৃষিখাত থেকে বছরে আয় ৯৯ হাজার ৫০০ টাকা। বাড়িভাড়া/এপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া খাতে ফখরুলের কোনো আয় না থাকলেও এ খাতে তার স্ত্রী বছরে আয় করেন ৪ লাখ ২৬ হাজার ৯৮৮টাকা। তিনি ব্যবসা থেকে আয় করেন ১ লাখ ২৫ হাজার ৯৭৪টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ১ লাখ ৪১ হাজার ১৮১/৮৭ টাকা। তার স্ত্রী শেয়ার থেকে ৮৪ হাজার ৮৯৫ টাকা এবং সঞ্চয়পত্র থেকে বছরে আয় করেন ২০ লাখ টাকা। পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি) থেকে বছরে আয় করেন ৬ লাখ টাকা। চাকরি করে বছরে সম্মানী ভাতা পান ১ লাখ ৬২ হাজার টাকা। তার স্ত্রী চাকুরি থেকে বছরে আয় করেন ৪ লাখ ৪৫ হাজার ৫৪০ টাকা। তিনি বছরে ব্যাংক সুদ পান ২ হাজার ৮০৫টাকা। তার স্ত্রী ব্যাংক সুদ থেকে ২৬ হাজার ৯০৭ টাকা এবং ডিপিএস থেকে পান ১১ লাখ ১৯ হাজার ৩৮৮টাকা।
মির্জা ফখরুলের বছরে আয় ১১ লাখ ৩১ হাজার ৪৩৩টাকা। মাসিক গড় আয় ৯৪ হাজার ২৮৬ টাকা।
অস্থাবর সম্পদ: অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকা আছে ৪২ লাখ ৭১ হাজার ৪৪৫/৩২ টাকা। তার স্ত্রীর হাতে আছে ৫ হাজার ৩১২ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ ১ লাখ ৪৩ হাজার ১৮১/৭৮ টাকা। তার স্ত্রীর আছে ২১ লাখ ৭২ হাজার ৮৭০/৭৪ টাকা। দি মির্জাস প্রা. লিমিটেডে উত্তরাধিকার সূত্রে তার শেয়ার আছে ৬৫৮টি।
নিজের নামে ফখরুলের সঞ্চয়পত্র না থাকলেও স্ত্রীর নামে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র আছে। স্ত্রীর কাছ থেকে প্রাপ্ত একটি প্রাইভেটকার আছে। তার স্ত্রীর ১৭ লাখ ৫৮ হাজার ১৪০ টাকার একটি গাড়ি আছে। আছে ১০ ভরি সোনা, যা বিয়ের সময় দান হিসেবে পেয়েছেন। এছাড়া তার স্ত্রীর ২ লাখ টাকার স্বর্ণ আছে।
স্থাবর সম্পদ: স্থাবর সম্পদের হিসেবে অর্জনকালীন মূল্যের ৬০ হাজার টাকার ৫ একর কৃষি জমি আছে। তার স্ত্রীর আছে অর্জনকালীন মূল্যের ৫০ হাজার টাকার জমি। ৫ লাখ টাকার অর্জনকালীন সময়ের মূল্যের ৪ শতক অকৃষি জমি। স্ত্রীর আছে ৮ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৫ কাঠা অকৃষি জমি।
অর্জনকালীন ১০ লাখ টাকার দোতলা বাসার একাংশ আছে। নিজের কোনো এপার্টমেন্ট না থাকলেও তার স্ত্রীর ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এপার্টমেন্ট আছে।
আসবাবপত্র: ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি টিভি, ২টি ফ্রিজ, ১টি এসি, ২টি ডেকসেট আছে। এছাড়া তার স্ত্রীর ১ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী আছে।
১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের খাট, সোফা সেট ও ডাইনিং টেবিল আছে। স্ত্রীর ১ লাখ টাকার আসবাবপত্র আছে।