রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে বিতর্কিত করার অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা (৪১)কে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা প্রেস ক্লাবের সদ্য বিদায়ী ট্রেজারার হেদায়েৎ হোসেন একই সঙ্গে খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহের সিটি এডিটর ও অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনেরও খুলনা প্রতিনিধি।
গতকাল বিকেলে আদালতে হাজির করা হলে খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী খুলনা-১ আসনে ঘোষিত ফলাফল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার অভিযোগে ঢাকা ট্রিবিউন’র খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলা নং-০৬ (তাং ৩১/১২/১৮)।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজসে বটিয়াঘাটা উপজেলা কম্পাউন্ডের মধ্যে যে কোনো স্থানে ইলেক্ট্রনিক ডিভাইস/ল্যাপটপ ব্যবহার করে উক্ত সংবাদ অনলাইনে প্রকাশ করেন। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই আসনে মোট ভোটারের তুলনায় ২২,৪১৯ ভোট বেশি পড়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/৩১/৩৩/৩৫ ধারায় মামলা হয়েছে। মামলার এজাহারের সঙ্গে মানবজমিন ও ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের ফটোকপি ও স্কিনশট সংযুক্ত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) সরদার ইব্রাহীম সোহেল বলেন, ‘মামলার পর আমরা বেলা সোয়া ২টার দিকে হেদায়েৎ হোসেনকে গ্রেফতার করেছি। তবে রাশিদুল ইসলামকে এখনও পাওয়া যায়নি। তিনি পলাতক।’
সাংবাদিক হেদায়েৎ হোসেনকে কারাগারে নেওয়ার সময় কারা ফটকের সামনে তিনি সাংবাদিকদের বলেন, খুলনা প্রেস ক্লাব থেকে সোনাডাঙ্গা এলাকায় তার বাড়িতে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি অভিযোগ করেন, গ্রেফতারের পর বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।
এদিকে মামলার বাদী বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী বলেন, গত সোমবার মিথ্যা তথ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।