জার্মানবাংলা রিপোর্ট: ধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াইয়ে এশীয়- প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশেষ করে প্রতিবেশীদের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বড় আকারের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবিলায় এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিভিল-মিলিটারী সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় রিজিওনাল কন্সালটেটিভ গ্রুপের ৪র্থ সেশন’র উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দুর্যোগ প্রতিরোধ করতে পারব না। তবে আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে পারি। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপর গুরুত্বারোপ করেছি।’
তিনি এ সময় মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা যানবাহন দুর্ঘটনা, অগ্নিকা-, ভবন বা সেতু ধ্বংস, সন্ত্রাসী আক্রমণের মত মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও উপেক্ষা করতে পারি না। এসব দুর্যোগ মোকাবিলায় আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’