এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দে আঙগুরী খাতুন (১৯) নামে এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দর্বৃত্তরা। ওই গৃহবধুর মুখ, পিঠ ও হাত এসিডে দগ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে এথ্য নিশ্চিত করেছেন গৃহবধুর স্বামী শাহাদত হোসেন।
এসিড আক্রান্ত আঙগুরী খাতুন ওই উপজেলার ভদ্রঘাটের ওদাগাছী গ্রামের তাঁত শ্রমিক শাহাদত হোসেনের স্ত্রী।
গৃহবধুর স্বামী শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরের দরজার পাশে বসে খাবারের সময় হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি এসে তার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, ভিকটিমের শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম জানান, গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে শুনতে পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে এব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ওসি বলেন।