রাজধানী ঢাকার শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দেয়া তথ্য মতে, শুক্রবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের একজন মরিয়ম বেগম (৬০); যিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারি সমন্বয় কর্মকর্তা। বর্তমানে অবরোত্তার ছুটিতে (পিআরএল) আছেন তিনি।
তবে নিহত আরেকজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তারা দুজন সম্পর্কে বোন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন বলছেন, বাড়িটির নিচলার একটি ঘর থেকে ওই দুই নারীর লাশ উদ্ধার করা হয়।
“তাদের শরীরে শিল-পাটা বা এ ধরনের ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের দরজা বা জানালা কিছুই ভাঙা অবস্থায় পাওয়া যায়নি।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলছেন, “দরজা বাইরে থেকে তালা মারা ছিল। নিহত মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান সন্ধ্যায় দরজা খুলে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হয়।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, শেওড়াপাড়া মেট্রো রেলস্টেশন সংলগ্ন ওই বাড়িতে মরিয়ম বেগম প্রায় ২০ বছর ধরে বাস করছেন।
যে বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের পরিবার।
এ বিষয়ে সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বলছেন, “বিমান সচিব শেওড়াপাড়া মেট্রো রেলস্টেশন সংলগ্ন বাবার বাড়ির চতুর্থ তলায় থাকেন। লাশ উদ্ধার হয়েছে বাড়ির নিচতলা থেকে।”