নিজস্ব প্রতিবেদক:বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৪ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝালকাঠি, ঠাকুরগাঁও, ও নীলফামারীতে বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল কর্তৃক ধানমন্ডি ও সাভার এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ড্রাগ স্টোর, ডে নাইট ফার্মেসীকে বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা, পরিমাপে কারচুপির অপরাধে জালালের ফলের দোকান ও শাকিল ফ্রুটস স্টোরকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ব্ল্যাক পেপার, টেস্ট বাস্ট ও জেলিয়াল বাফেটকে যথাক্রমে দশ হাজার টাকা, বিশ হাজার টাকা ও ছয় হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ডি সার্ক ক্যাফেকে বিশ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে মেঘনা পোলট্রি এন্ড ফিস ইন্ডাস্ট্রিজ লিঃ কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ২২টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপির, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬৩টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে এগার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা প্রদান করা হয়।
গত ২৩ জুলাই ২০১৯ তারিখে ২৪টি বাজার তদারকি ও ৪টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৭৬টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আদায়কৃত জরিমানা হতে ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।