হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:জামালপুর পৌরসভার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, আপনারা কেউ ছেলে ধরা নিয়ে গুজবে কান দিবেন না। পদ্মা সেতুতে মানুষের অমুক কিছু লাগবে বা তমুক কিছু লাগবে এসব মিথ্যা কথা। এসব গুজব সৃষ্টি করে ছেলে-মেয়েদের লেখাপাড়ার সমস্যায় ফেলছে। একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা দেশের ভালো চায় না। গতকাল বুধবার জামালপুর জেলা পুলিশের আয়োজনে সকাল সাড়ে দশটার দিকে শহরের নাওভাঙ্গা চর এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি নিবাস চন্দ্র মাঝি আরও বলেন, যারা ছেলে ধরা নিয়ে এসব গুজব সৃষ্টি করে বেড়াবে আপনাদের বলছি তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। গুজব নিয়ে যারা কথা বলবেন তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এ সময় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান, জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান উপস্থিত ছিলেন।