আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি এলাকা থেকে ফিল্মি কায়দায় মোটর সাইকেল চুরির ৫ দিন পর চুরির সাথে জড়িত ৪ জনকে পুলিশ আটক করেছে। কিন্তু পুলিশ এখনো চুরিকৃত মোটর সাইকেলখানা উদ্ধার করতে পারেনি।
জানা যায়, সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আবু তালেব বিশ্বাসের ছেলে আইনুল বিশ্বাস চুলকাঠি বাজারের একজন ডিশ ব্যবসায়ী। গত ১৩/০৯/১৮ তারিখ বৃহস্পতিবার রাতে তার ব্যবহৃত সুজোকি জিকচার ১৫৫ সিসি সাদা ও নীল রংয়ের (বাগেরহাট-ল-১১-১৮৯৩) মোটর সাইকেলখানা ঘরের বারান্দায় রাখে। সংঘবদ্ধ চোরেরা গ্রিলের তালা কেটে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যায়।
এ বিষয়ে বাগেরহাট সদর থানায় আইনুল বিশ্বাস বাদী হয়ে একটি ডায়েরী করলে চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায় এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে ভট্টবালিয়াঘাটা এলাকা থেকে গভীর রাতে আটক করে।
আটককৃতরা হলো রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের কেরামত শেখের পূত্র নাজমুল শেখ (২৭), মংলা উপজেলার সিগনাল টায়াল গ্রামের শহীদ মোল্লার ছেলে ইউনুচ মোল্লা (২৫), বরিশালের পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা গ্রামের বাবুল শিকদারের ছেলে আলামিন শিকদার ও মোড়েলগঞ্জের গোয়াতলা গ্রামের জহুরুলের ছেলে হাচান (২২)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে।
পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায় জানান, তারা আইনুল বিশ্বাসের মোটর সাইকেল চুরির কথা স্বীকার করেছে এবং উক্ত মোটর সাইকেলখানা তারা অন্যত্রে বিক্রি করে দিয়েছে। চোরাই মোটর সাইকেলখানা উদ্ধার করতে পুলিশ তৎপরতার সাথে কাজ করে চলছে বলে তিনি জানান। পরে আইনুল বিশ্বাস বাদী হয়ে থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৩১।