পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।
পদ্মাসেতুর স্প্যান তৈরির যন্ত্রাংশের সর্বশেষ মালামাল চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।বৃহস্পতিবার (১৪ই মে) বিকাল সাড়ে ৫টার দিকে শিনহোয়াংদাও বন্দর হতে রওনা দিয়েছে এমভি কং সিউ সং জাহাজের মাধ্যমে। আগামী ১৫ই জুন মুন্সীগঞ্জের মাওয়ায় এসব মালামাল এসে পৌঁছানোর কথা রয়েছে। আর এর মাধ্যমেই সমাপ্ত হলো চীন থেকে সেতুর মালামাল আসা।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আবদুল কাদের তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, জাহাজে সেতুর ১৮০টি ট্রাস কম্পোনেন্টসহ ২০৪১টি স্টিলের তৈরি বিভিন্ন মালামাল রয়েছে। জাহাজটি সাংহাই ও সিঙ্গাপুর পোর্টে মোট ৭ দিন বিরতি দিয়ে, জুন মাসের ৭ তারিখ চট্রগ্রাম বন্দরে পৌঁছাবে। চট্রগাম বন্দরে কাস্টমস শুল্ক পরিশোধ ও ক্লিয়ারেন্সের পর মংলা হয়ে ১৫ই জুন মাওয়ায় এসে পৌঁছাবে। পরিবহণের দায়িত্বে নিয়োজিত আছে আন্তজার্তিক কসকো শিপিং লাইন।
প্রকৌশলী সূত্রে জানা যায়, পদ্মা সেতুর সর্বশেষ এসব মালামাল চলতি বছরের মার্চ মাসে আসার পরিকল্পনা চলছিলো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে চীনের উহানে জানুয়ারী ও ফেব্রয়ারি মাসে স্প্যান এর মালামাল তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ ছিলো। এপ্রিলের শেষের দিকে পুনরায় ফ্যাক্টরি খুলে এবং মে মাসের শেষ দিকে স্প্যানগুলোর কম্পোনেন্ট তৈরির কাজ শেষ হয়।
প্রকৌশলী সূত্র জনিয়েছে, পদ্মা বহুমুখী সেতুর মূল সেতুতে মোট ৪১টি স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যানে ১১০-১১৮টি স্টিলের ট্রাস কম্পোনেন্ট (কর্ড, মেম্বার বা নোড) এর সমন্বয়ে তৈরি। মূল সেতুর ৪১টি স্প্যানে সর্বমোট ৪ হাজার ৫৮৭টি স্টিলের ট্রাস কম্পোনেন্ট প্রয়োজন হবে যা মূল সেতুর স্প্যান তৈরি করবে। তাছাড়াও রেলওয়ের জন্য ১ হাজার ৩১২টি স্টীলের স্ট্রিনজার বিম, ২ হাজার ৬২৪টি স্টিলের রেলওয়ে সাপোর্ট ব্রাকেট, ১ হাজার ৩১২টি স্টিলের রেলওয়ে স্ল্যাব ব্রাকেট, ৮২১৪টি গ্যান্ট্রি মেইনটেনান্স ব্রাকেট, ১ হাজার ৩৪৬টি গ্যাস পাইপ লাইন ব্রাকেট, ৯৩০টি হ্যাচ কভার, ৯১০টি এ্যাকসেস ল্যাডার, ৪৮টি ট্রান্সভার্স শেয়ার কি, ২১টি গ্যাস পাইপ লাইন লুপ, ১ হাজার ৩১২টি ওভারহেড ক্রেন স্টীলের গার্ডার এর প্রয়োজন হবে। এসবের বেশিরভাগ অনেক আগেই এসেছে পড়েছে আর বাকি কিছু মালামাল আসছে।
উল্লেখ্য , ‘পদ্মা বহুমুখী সেতুর’ নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল ২০১১ সালে এবং শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে। মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ২৮ আগস্ট ১০ হাজার ১৬১ কোটি টাকার বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প পাস করেছিল। পরে আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে ২০১১ সালের ১১ জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। তখন এর ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৫০৭ কোটি টাকা। পদ্মা সেতুর ব্যয় আরও আট হাজার কোটি টাকা বাড়ানো হয়। ফলে পদ্মা সেতুর ব্যয় দাঁড়িয়েছে সব মিলিয়ে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ।