জার্মান-বাংলা ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা প্রদানে ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক বায়েজিদুর রহমান খানের নেতৃত্বে আজ (২৮/০৫/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। এই স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে রোগীদের এবং স্বজনদের নিকট হতে বাড়তি পরিমাণ টাকা নেয়া হয় এরূপ তথ্য পায় দুদক টিম। পরবর্তীতে কোনরূপ বাড়তি অর্থ গ্রহণ করা হবে না এ মর্মে মুচলেকা প্রদান করে স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং ইনচার্জ। রেসিডেন্ট মেডিকেল অফিসার এ বিষয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দুদকে প্রতিবেদন প্রেরণ করবেন মর্মে অবহিত করেন।
এদিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে দীর্ঘ এলাকা জুড়ে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণের কাজ চলছে এরূপ অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ জাকারিয়ার নেতৃত্বে অপর এক অভিযান পরিচালিত হয়। টিম ঘটনাস্থলে গিয়ে সড়কের মাঝখানে বেশকিছু খুঁটির অস্তিত্ব পায়। দুদক টিম তাৎক্ষণিকভাবে তা অপসারণের পরামর্শ প্রদান করে। দুদক টিমের পর্যবেক্ষণকে আমলে নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লীবিদ্যুৎ খুঁটি অপসারণের কার্যক্রম শুরু করেছে।
বিআরটিএর খাগড়াছড়িতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কেন্দ্রে অভিযান চালায় দুদক টিম। খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতি-অনিয়ম ও হয়রানির অভিযোগ করে। এ প্রেক্ষিতে পরিচালিত অভিযানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে চিহ্নিত করে দুদক টিম। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নিকট তাকে হস্তান্তর করা হয়।
বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠিয়েছে দুদক টিম।
এদিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে সেবা প্রদানে ঘুষ-লেনদেন ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী হতে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। টিম জানতে পারে, বৈদ্যুতিক লাইন স্থাপন থেকে শুরু করে সকল কার্যক্রম সম্পন্ন করতে বিভিন্ন স্তরে অনৈতিক অর্থ লেনদেন, হয়রানি এবং অনিয়ম হয়। এক্ষেত্রে দালালরা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগসাজশ করে গ্রাহকদের নিকট হতে অর্থ আদায় করে। দুদক টিম এ জাতীয় দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করে।
এদিকে পাসপোর্ট অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারসমূহের বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসককে পত্র প্রেরণ করা হয়েছে।