হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাথা ও দু’হাত কুনুই থেকে বিচ্ছিন্ন পোশাক শ্রমিক রাবিকুল ইসলামের (২৮) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত রাবিকুল ময়মনসিংহের ফুলপুর উপজেলার উলামাকান্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার মেঘনা পোশাক কারখানার পশ্চিম পাশের সীমানা প্রাচীরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লা জানান, কারখানার পশ্চিম পাশে বস্তা পরে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে ওই বস্তায় লাশ দেখেতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তা উদ্ধার করে মাথা ও দুই হাতের কুনুই থেকে বিচ্ছিন্ন রাবিকুল ইসলামের লাশ উদ্ধার করে। নিহতের বাড়ির ময়লার ড্রাম থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার আতিকুল ইসলাম ভূট্টুর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হাউ আর ইউ পোশাক কারখানায় স্টোর লোডার হিসেবে চাকুরী করতো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রীসহ দুই মহিলাকে আটক করেছে। তদন্তের সার্থে আটককৃতদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন পুলিশের ওই কর্মকর্তা।