হাবিবুর রহমান গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে অস্ত্রেরমুখে জিম্মি করে দুই বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গত ৩০ সেপ্টেম্বর সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত শনিবার(৫ অক্টোবর)থানায় বাদীর অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবকরা হলো, শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের মো: নূরুল হক নূরুর ছেলে মো: রাজ্জাক ও একই গ্রামের আকাব্বর আলীর ছেলে আজিজুল হক।
একই ঘরে আটকে রেখে ওই দুই যুবক তাদেরকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার সহোদর দুই বোন।এ সময় নির্যাতনকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং নির্যাতনের ঘটনা কারো কাছে বললে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ (ফেসবুক) ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ওই দুই যুবক।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় দুই বোনকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল গ্রেফতারকৃত যুবক রাজ্জাক ও আজিজুল।তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাদেরকে বিভিন্নধরনের হুমকি দিতো ঐ দুই যুবক । গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দুই বোন বাড়ি থেকে পাশে বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় বনের ভেতর সড়কে তাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে রাজ্জাকের বাড়িতে নিয়ে একটি ঘরে আটকে রেখে একই বিছানায় দুই বোনকে ধর্ষণ করে রাজ্জাক ও আজিজুল। এ সময় ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে।এবং ঘটনাটি কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই বোনকে ছেড়ে দেয়া হয়।এতদিন তারা ভয়ে কারো কাছে মুখ খুলেনি। একপর্যায়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হলে পরিবারের সহযোগিতায় ধর্ষণের শিকার একজন শনিবার রাতে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।এরই প্রেক্ষিতে ধর্ষক দুই যুবককে আটক করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) তারিকুজ্জামান জানান, ধর্ষক দুজনকেই গ্রেফতার করে রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মেডিক্যাল টেস্টের জন্য নির্যাতিত দুই বোনকে রবিবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।