রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধি:হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অর্থদন্ড এবং র্যাবের অভিযানের বিরুদ্ধে খুলনার সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন মালিকরা। বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) খুলনা এ কর্মবিরতির ডাক দেয়।
রোববার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এ কর্মবিরতি। তবে, নগরীর বড় বড় হাসপাতাল-ক্লিনিকের প্রধান ফটকে কর্মবিরতির বিজ্ঞপ্তি টাঙানো হলেও ভেতরে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলতে দেখা গেছে।
প্রতীকী কর্মবিরতি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আতঙ্কিত অবস্থায় হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা কষ্টসাধ্য হওয়ায় খুলনা শহরের সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুই ঘন্টার প্রতীকী কর্মবিরতি’। তবে, নগরীর শান্তিধাম মোড়স্থ ইসলামী ব্যাংক হাসপাতাল, সাউথ সেন্ট্রাল রোডস্থ সেতু ডায়াগনস্টিক সেন্টার ও ইউনাইটেড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারসহ অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলতে দেখা গেছে।
সূত্র মতে, গত ২৪ জুন নগরীর টুটপাড়া এলাকায় ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের পর অবহেলায় সালেহা বেগম (৬৫) নামে এক রোগী মারা যান। ওই ঘটনা নিয়ে রোগীর স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করলে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ২৭ জুন র্যাব-৬’র একটি দল ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থার সত্যতা পায়। এ অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালে হসপিটালটিতে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও অবহেলার কারণে রোগীর মৃত্যু অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে। তাদের নিজস্ব ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অপারেশন কক্ষে অবৈধ প্যাথেডিন জব্দ করা হয়। এছাড়া পোস্ট অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় কোনো যন্ত্রপাতি ছিলো না।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে এবং র্যাবের অভিযানের প্রতিবাদ জানিয়ে ২৮ জুন সন্ধ্যায় সাত রাস্তা মোড়স্থ বিএমএ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) খুলনা।
সংগঠনের সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ন্যাশনাল হাসপাতালে সশস্ত্র আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এবং ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৭৩ ধারা এবং উপধারাকে পাশ কাটিয়ে অন্য ধারায় অভিযুক্তদের সাজা প্রদান করা এবং একই হাসপাতালে র্যাব সদস্যদের অভিযান চালানো ও কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালের রোগীদের অরক্ষিত রেখে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন। এছাড়া তারা রোববার ২ ঘন্টার প্রতীকী কর্মবিরতির কর্মসূচিও ঘোষণা করেন।
অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করার পূর্বে অপরাধের বিষয়ে স্বীকারোক্তি নেন। কেউ যদি অপরাধ স্বীকার না করে সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা না করে আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরকে নিয়মিত মামলা রুজুর পরামর্শ দেন। ভ্রাম্যমাণ আদালতের ওই রায়ের বিরুদ্ধে কেউ জনসম্মুখে বিরোধীতা করলে তা বেআইনী বলে গণ্য হবে। তাছাড়া ২৭ জুন ন্যাশনাল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাসপাতালের মালিক পক্ষ তাদের অব্যবস্থাপনার কথা স্বীকার করেন। জেলা প্রশাসন কোনো অন্যায়ের কাছে পরাস্ত হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।