জার্মানবাংলা রিপোর্ট: খুনের চেয়েও জঘন্য অপরাধ গুম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাক’ এর আয়োজনে এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল এ মন্তব্য করেন। দেশে যত খুন, গুম হচ্ছে তা পরিকল্পিতভাবে করা হচ্ছে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, দেশের যত খুনের, গুমের ঘটনা ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রে শিকার হয়েছে সরকার বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী। কাজেই আমাদের ভাবার কারণ রয়েছে এই গুম হয়েছে পরিকল্পিতভাবে।
ড. আসিফ নজরুল বলেন, গুম হচ্ছে সবচেয়ে জঘন্য ধরনের অপরাধ। এটা খুনের চেয়েও জঘন্য অপরাধ। এবং পৃথিবীর বিভিন্ন আইনে যে সংজ্ঞা দেওয়া আছে সেখানেও এটা জঘন্য অপরাধ হিসেবেই সংজ্ঞায়িত করা আছে। আমাদের আন্তর্জাতিক আইনে বলা হয়েছে, গুম বা খুন যখন পরিকল্পিত এবং ব্যাপক সংখ্যায় হয় তখন সেটাকে আমরা মানবতাবিরোধী অপরাধে সংজ্ঞায়িত করতে পারি।
তিনি আরও বলেন, সংখ্যার দিক থেকেও এটি ব্যাপক সংখ্যায় হয়েছে। গুমের শিকার যে সকল পরিবার রয়েছে, আপনারা যদি বিচার না পান তবে আন্তর্জাতিক অপরাধ হিসেবে এই বিচার পাওয়ার জন্য দরকার হলে আন্তর্জাতিক অপরাধ আদালতে চেষ্টা করবেন। আমাদের প্রশ্ন তোলার সময় হয়েছে। কারণ, দীর্ঘ বছর যাবত আপনারা রাষ্ট্রের কাছে বিচার চেয়েছেন কিন্তু বিচার পাচ্ছেন না। আমাদের বাংলাদেশী সংবিধানে রয়েছে, যে কোনো নাগরিককে আইন অনুযায়ী বিচার করতে হবে। এবং রাষ্ট্রের সাথে নাগরিকের ব্যবহার হবে আইন মোতাবেক। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কোন আইনে আছে একজনের বিচার না করে তাকে গুম করে ফেলবেন? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রশ্ন তোলার মতো মানুষ সমাজে কমে যাচ্ছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, তাবিদ আওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন গত ৫ বছরে গুম হওয়া পরিবারের সদস্যরা।