জার্মানবাংলা স্পেশাল রিপোর্ট: বিএনপির জন্য কঠিন বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই একাদশতম নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। দলের শীর্ষ কর্ণধার খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না। ফলে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপত্রের চিঠি বিতরণের উদ্বোধন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় আবেগ ধরে রাখতে না পেরে ছোখে জল চলে আসে তার। টিস্যু পেপার দিয়ে চোখ মুছে নিজেকে সামলে আবারো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই প্রথম আমরা একটি নির্বাচনে অংশ নিতে চলেছি….বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া।’ এ সময় চোখে পানি চলে আসলে আবেগে কাঁদতে থাকেন বিএনপির মহাসচিব।
‘….আপনারা একটু বন্ধ (ক্যামেরা) করেন।…তিনি কারাগারে।…..এই সরকারের প্রচণ্ড প্রতিহিংসামূলক মামলা ও কলাকৌশলে তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে।’
পরে খালেদা জিয়াকে বগুড়া-৬ ও ৭ আসন থেকে প্রার্থী ঘোষণা করে স্থানীয় নেতাদের হাতে মনোনয়নের চিঠি তুলে দেন মির্জা ফখরুল।
বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে চিঠি গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের চিঠি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু।