মো: নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাদপুরে দু-দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সেলিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।কোটচাঁদপুর উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় আজ ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহত সেলিম কোটচাদপুরের কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দু-দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয় পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩ শ’ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।