মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত রহিম বক্স মন্ডলের ছেলে মোঃ সামছুর রহমানের দুই বিঘা চাষকৃত জমির দেড়শতাধিক ফল সমৃদ্ধ পেয়ারা গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা। আজ ১৬ জানুয়ারি বুধবার সরেজমিনে দেখা যায়,
কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাগমারা নামক মাঠে সামছুর রহমানের দুই বিঘা জমিতে দেড়শতাধিক ফলসমৃদ্ধ পেয়ারা গাছ গোড়া থেকে কর্তন অবস্থায় পড়ে রয়েছে।শত্রুতাবশত অথবা অন্য কোনো উদ্দশ্য সাধনের জন্য(১৫ জানুয়ারি)মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ২ লক্ষাধিক টাকার ঐ গাছগুলো কেটে রেখে গেছে।
এব্যাপারে জমির মালিক মোঃ সামছুর রহমানের সাথে কথা বলা হলে তিনি অশ্রু মিশ্রিত কন্ঠে বলেন, ‘আমার সাথে কারোরই কোনো ঝঞ্জাট অথবা শত্রুতা নেই। আমি জানিনা কারা আমার এতবড় ক্ষতি করলো; যারা আমার এতবড় ক্ষতি করলো আল্লাহ যেন তাদের বিচার করেন!’ তিনি আরো বলেন, ‘আমি গতকাল(মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকেও মাঠ থেকে একবার পেয়ারা বাগান ঘুরে দেখে এসেছি, তখন সবকিছুই স্বাভাবিক ছিলো। কিন্তু সকালে গিয়ে দেখি আমার বাগানের গাছ গুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে!’ এব্যাপারে ভিকটিম সামছুর রহমান অজ্ঞাতনামা’য় কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক এস,আই আব্দুল হাই।