কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরাসরি সবজি কেনার পাশাপাশি দু:স্থদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনা সদস্যরা।
করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় সারাদেশের বিভিন্ন জায়গায় পড়ে গেছে সবজির দাম। এতে বেকায়দায় পড়েছেন প্রান্তিক চাষিরা। এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
সবজি বিক্রিতে বিপাকে পড়লেও স্বস্তি মিলেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের সিন্নিতলা মাঠের কৃষকদের। বর্তমান সংকটময় সময়ে বাজার নিয়ন্ত্রণ এবং কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পান সেজন্য বিভিন্ন ধরনের সবজি কিনছেন সেনা সদস্যরা।
কুষ্টিয়ার ৬টি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের তালিকা করে প্রতি সপ্তাহেই সবজি কিনছে সেনাবাহিনী। তাই প্রত্যেক কৃষকই পাচ্ছে ন্যায্যমূল্য। নিজেরা খাওয়ার পাশাপাশি ত্রাণ হিসেবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অসহায় কর্মহীন মানুষদের সবজি বিতরণ করছে সেনাবাহিনী।
যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের মেজর ওয়াহিদ বলেন, ‘যারা সবজি বিক্রি করতে পারছে না তাদের সাহায্যের জন্য আমরা তাদের ক্ষেতে গিয়ে ন্যায্যমূল্যে শাক-সবজি কিনছি যাতে তারা উপকৃত হন।’
৬৬ পদাতিক ডিভিশনের মেজর সারোয়ার তুষার বলেন, ‘রুট লেভেলে এখানকার প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা কি ধরনের প্রবলেম ফেস করছে এসব সকল সমস্যা একত্রিত করে নিয়ে সমন্নয় সাধন করে এটা সমাধান করছি।’
পাইকারী ব্যবসায়ীদের একজন বলেন, ‘আমরা ভয়তে বাজারে এসে মাল কিনতে পারিনি। সেনাবাহিনী কারনে বাজারে কেনা-বেচাতে স্বস্থি ফিরে এসেছে। দামও পাচ্ছে কৃষক।’