আজ রবিবার থেকে জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট খোলা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জেলা শহরের প্রধান শহীদ রফিক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে গঙ্গাধরপট্টি ও গার্লস স্কুল সড়ক দুটি দিয়ে যান চলাচল করতে পারবে।
২০ দিন লকডাউনে থাকার পর সংক্রমণ কমে যাওয়ায় মানিকগঞ্জের সাতটি রেড জোন এলাকাকে ‘ইয়েলো জোন’ ঘোষণা করেছে প্রশাসন।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৫ই জুন ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জের সাতটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত জেলার ৭ টি উপজেলা থেকে ৬ হাজার ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছে।