স্বাস্থ্যবিধি মানার শর্তে ২৬শে এপ্রিল, দেশের পোশাক কারখানা চালু করা হয়। তখন থেকেই শিল্পাঞ্চলগুলোতে করোনাভাইরাসের সংক্রমন তীব্র হওয়ার শঙ্কা ছিলো।
পোশাক কারখানার খোলার পর, দেশের শিল্পাঞ্চলে বাড়ছে করোনা সংক্রমণের হার। নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই পোশাক কর্মী। শ্রমিক নেতাদের অভিযোগ, কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বরং শিল্পমালিকদের মুনাফার লোভের শিকার হচ্ছেন ৪৪ লাখ পোশাক কর্মী। অন্যদিকে বিজিএমইএ জানিয়েছে, শিগগিরই করোনা পরীক্ষার ল্যাব স্থাপিত হচ্ছে দেশের চার শিল্পাঞ্চলে।
সাভারে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় ১৪ই এপ্রিল। পরবর্তি ১৬ দিনে আক্রান্ত হন আরো ১৭ জন। ২৯শে এপ্রিলের পর বাড়তে থাকে সংক্রমণের হার। ১২ দিনে সংক্রমণ বেড়ে যায় সাড়ে চার গুণ। ১১ই মে পর্যন্ত মোট শনাক্ত ৮২ জন। ৪৭ জনই পোশাক শ্রমিক।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, পোষাক কারখানাগুলো যখন বন্ধ ছিল তখন কিন্তু পজিটিভ রোগীর সংখ্যা এতো ছিল না।যখনই কারখানাগুলো খুলেছে তখনই আমাদের পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে গেছে। সামনে আমাদের যে কি হবে তা এখনও বলা যাচ্ছে না।
গাজীপুরে সোমবার পর্যন্ত শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৯ জন। তবে পোশাক শ্রমিকদের মধ্যে সংক্রমণ তূলনামূলকভাবে কম। শনাক্ত হয়েছেন ১৫ জন। তবুও পোশাক কারখানাগুলো নিয়ে সতর্ক জেলার স্বাস্থ্য কর্মীরা।
গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, আমরা গার্মেন্টসগুলোতে অভিযান চালাচ্ছি।যাদের জ্বর, ঠান্ডা, কাশি আছে তাদের নমুনা আমরা সংগ্রহ করছি। আর কিছুদিন গেলেই আমরা বুঝতে পারবো আমরা যা পাচ্ছি সেটাই আসল চিত্র নাকি আরও বাড়ার প্রবণতা আছে।
পোশাক শ্রমিক নেতাদের অভিযোগ, কারখানা চালুর পর, নারায়নগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলেও সংক্রমণ বেড়ে গেছে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, শ্রমিকেদের কিন্তু খুব কাছাকাছি থেকে কাজ করতে হয়। কারখানার ভিতরের বিষয়টা আমরা না দেখলেও কারখানার বাইরে তারা যেভাবে মিছিলের মত করে যাচ্ছে তা কিন্তু খুবই বিপজ্জনক। মালিকরা তাদের মুনাফার জন্য শ্রমিকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
মালিকরা বলছেন,তারা যথেষ্ট সতর্ক। এরইমধ্যে গাজীপুর, সাভার, নারায়নগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তৈরি হবে নারীশ্রমিকদের জন্য আইসোলশন সেন্টারও।
বিজিএমইএ সহ-সভাপতি আরশাদ জামাল দিপু বলেন, কর্মজীবি নারীদের জন্য গাজীপুরে একটা হোস্টেল আছে। সেখানে যারা থাকে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করে পুরো জায়গাটা আমরা নারী শ্রমিকদের বরাদ্দ করবো।
এছাড়াও বিজিএমইএ করোনা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিজিএমইএ। এলাকাভিত্তিক ৪টি কমিটি কাজ করছে।
ব্যবসায়ীদের টাস্কফোর্সের প্রধান শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, আমরা ইতিমধ্যেই চারটি ল্যাব করার চেষ্টা করছি। আগামী কিছুদিনের মধ্যেই এগুলোর জন্য যন্ত্রপাতি চলে আসবে। আশা করছি এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যবস্থাই নিব।