বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে মৃত্যু বেড়েছে আগের দিনের চেয়ে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪ জন।
এ নিয়ে বাংলাদেশে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৫৫৭ জন।২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৩ জন।করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৭৮২ জন।সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়।ওই সময় মারা যান ৪২ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, বাংলাদেশে ৮৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি নমুনা।এর আগের দিন ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা।