লিসবন থেকে বাড়ী ফিরার পথে আধুনিক স্থাপত্য শিল্পের বিস্ময়কর নগরী দুবাই কয়েকদিন বেড়ানোর পরিকল্পনা করি। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের বাংলাদেশি বৈধ অভিবাসীদের জন্যে এমিরেটস এয়ারলাইন্স ব্যবহারে দুবাইয়ের ভ্রমণ ভিসা পাওয়া যায় সহজেই। কমর্ফাম টিকিট দিয়ে ভিসা আবেদন করলে ৩/৪ দিনের মধ্যে ১ মাসের ই-ভিসা দেয় সংযুক্ত আরব আমিরাত।
লিসবন থেকে দীর্ঘ প্রায় আট ঘন্টার বিমান যাত্রা শেষে স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে দুবাই বিমানবন্দরে অবতরন করি। যদিও রাতের বিমান যাত্রা ছিল কিন্তু তেমন একটা ক্লান্তি আসেনি দেহে। এমিরেটস এয়ারলাইন্সে এই রুটের যাত্রী বেশীর ভাগ ইউরোপিয়ান ফলে ইকোনমিক ক্লাসের যাত্রী সেবার মান ছিল অত্যন্ত ভাল। রাতের খাবার, সকালের নাস্তাসহ একটু পর পর চা কপি বা যেকোন ড্রিংকস অফার করছে সুন্দরী রমণীগণ!
প্রথম দিনে বেশকিছু দর্শনিয় স্থানের মধ্যে, বুজ আল খলিফা টাওয়ার (বিশ্বের সর্বোচ্চ ভবন), দুবাই মল, বুজ আল আরব (বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল) পাম জুমেইরা, দুবাই মিরাকল গার্ডেন ছিল অন্যতম। এয়ারপোর্টে থেকে সরাসরি বিশ্বের সবচেয়ে উঁচু দালান দেখার জন্য চলে এলাম বুজ আল খলিফা টাওয়ারের প্রান্তে। এয়ারপোর্টে ইমিগ্রেশন এ কোন ধরনের অভিবাদন মূলক শব্দ ব্যবহার করেনি! তাই শুরুতে মন কিছুটা খারাপ ছিল।
![]()
এশিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে পর্যটক ভিসায় যাওয়ার সুযোগ হয়েছে এবং সকল দেশে ইমিগ্রেশন এ অনন্ত হাসিমুখে স্বাগত জানিয়েছে। যদিও দুবাই ইমিগ্রেশনে কোন ধরনের প্রশ্ন ছাড়া ইমিগ্রেশন শেষ করেছে কিন্তু অফিসারের মুখ থেকে কোন একটি কথা বের হলো না! একজন পর্যটক হিসেবে শুভ সকাল বা স্বাগতম শব্দটা অনন্ত আশা করতে পারি!
মনে একটু ব্যাথা নিয়ে এয়ারপোর্ট থেকে বের হলাম। আগে থেকে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন ভাই এবং বন্ধুরা। দুবাই শহরের প্রাকৃতিক ফুলে সজ্জিত প্রশস্ত রাস্তা এবং সুউচ্চ দালানের সারি নিমেষেই যে কারো মন কেড়ে নিবে। গাড়ির মধ্যে থেকে চারপাশের পরিবেশ দেখে কিছুটা মনে প্রশান্তি ফিরে এলো।
![]()
সকালের নাস্তা করতে পাকিস্তানি একটি রেস্টুরেন্টে গেলাম। নান রুটি আর পায়া ওর্ডার করলাম। এক একটি নান আমাদের লিসবন বা ঢাকার চারটির সমান হবে! আমরা ২/৩ জন মিলে একটি নান শেষ করেছিলাম। নাস্তা সেরে এবার গন্তব্য বিশ্বের সবচেয়ে উঁচু দালান বুজ আল খলিফা টাওয়ার। ছুটির দিন সকাল বেলা হওয়াতে তেমন একটা মানুষের সমাগম ছিল না। ভালই হলো মন খুলে ইচ্ছা মত কিছু ছবি নিতে পারলাম।
কৃত্রিম বিশাল লেক করা হয়েছে ভবনটির সম্মুখ অংশে এবং তার উপর বিশালাকৃতির জলের ফোয়ারা বসানো হয়েছে। দুঃখের বিষয় এটি শুধুমাত্র সন্ধ্যায় উন্মুক্ত করা হয়। সাথে থাকে মনোরম আলোকসজ্জা। বিস্ময় চোখে তাকিয়ে ছিলাম মানব তৈরি সর্বোচ্চ কাঠামোর দিকে। আমার তম আরো বিভিন্ন দেশের পর্যটকরা ছবি তোলায় ব্যস্ত থাকতে দেখা গেছে। সাথেই ছিল দুবাই মল যা বিশ্বের অন্যতম বৃহৎ শপিং সেন্টার। সেখানে বেশ খানিকটা সময় অতিবাহিত করার পরে চলে গেলাম বুজ আল আরব দেখতে।
![]()
বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুজ আল আরব! যদিও এটি একটি সিম্বোলিক উপাধি। আসলে দুনিয়াতে ৫ তারকার উপরে কোন হোটেল নেই। বুজ আল আরব পাঁচ তারকার চাইতে বেশী কিছু। তাই সম্মান সূচক এটিকে সেভেন স্টার হোটেল বলে থাকে। দূর থেকে হোটেলটি দেখলে মনে হবে পাল তুলে কেউ সমুদ্র যাত্রায় বের হচ্ছে।
পাম জুমেইরা এবং দুবাই মিরাকল গার্ডেন যা সমুদ্র ও মরুভূমির বুকে সত্যি অসাধারণ সৃষ্টি। মাবন তৈরি সাগরের বুকে সর্ববৃহৎ দীপ যেখানে বিলাসবহুল ও দৃষ্টিনন্দন হাজার হাজার ঘরবাড়ি, রেস্তোরাঁ এবং আবাসিক হোটেল করা হয়েছে। বসবাসের জন্য বিশ্বের ব্যায় বহুল জায়গা এটি যেখানে বিভিন্ন দেশের তারকা খ্যাতি বহুল ও ব্যবসায়ীদের বসবাস রয়েছে।
![]()
মিরাকল গার্ডেন যা মরুর বুকে সত্যি অসাধারণ সৃষ্টি! এখানে প্রবেশ করে কারো বুঝার উপায় নেই মরুভূমির কোন দেশে আছি নাকি চিরসবুজ কোন উদ্যানে প্রবেশ করেছি!; চারিদিকে রংবেরঙের বাহারি ফুলের সমারোহ। যেদিকে চোখ যায় রাশি রাশি ফুল গাছের মনোমুগ্ধকর সব আকৃতি দিয়ে সাজানো বাগান। আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বাহারি সব প্রাকৃতিক চিত্র কর্মের মাধ্যমে।
দুবাই থেকে দ্বিতীয় দিন আবু ধাবির পথে। উদ্দেশ্য বিশ্বের অন্যতম বৃহৎ ও চমৎকার মসজিদ, শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন করা। সুবিশাল সৌন্দর্যমণ্ডিত মাসজিদটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ও নওমুসলিমদের বিপুল ভীড় লক্ষ করার মত। আধুনিক যুগের চলমান একটি মসজিদ মানুষ টিকেট কেটে পরিদর্শন করছে ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে। আবার মুসল্লীরা নামাজ আদায়ের লক্ষ্যে অনায়াসে যাতায়াত জন্য উন্মুক্ত।
![]()
আমরা মসজিদটি পরিদর্শন শেষে জামায়াতে যোহরের নামাজ আদায় করলাম। আমি যেকোনো নতুন দেশে গেলেই অনন্ত দুই রাকাত নামাজ আদায় করার চেষ্টা করি। সৃষ্টিকর্তার প্রতি তার এই অপরূপ সৌন্দর্য্যের সৃষ্টির শুকরিয়া প্রকাশের মাধ্যম হিসেবে সেজদা প্রদান আমার অন্যতম ভাললাগার একটি কাজ।
শেখ জায়েদ গ্রান্ড মসজিদ পরিদর্শন শেষে আবার দুবাই ফিরে আসি। বাংলাদেশী একটি রেস্টুরেন্টে ডাল, ভত্তা আর ইলিশ মাছ দিয়ে শতভাগ বাঙ্গালীআনায় বিদেশে মধ্যাহ্নভোজ সম্পন্ন করি। সেখান থেকে শারজার উদ্দেশ্যে রওনা হই। শারজার বাংলাদেশী অধ্যুষিত জি এম জি এলাকা পরিদর্শন করি যা কিছুটা বাংলাদেশের মত! এখানকার বাঙ্গা ছুঁড়া রাস্তা ঘাট, ছোট ছোট দোকান ঘর এবং অসংখ্য বাংলাদেশিদের আনাগোনায় এক খন্ড বাংলাদেশে পরিনত হয়েছে।
শারজায় আসার পরে কিছুটা উপলব্ধি হলো ইমিগ্রেশনে এমন আচরণ কেন করলো। এখানে হাজার হাজার বাংলাদেশিদের জীবন যাত্রার মান, কাজের ধরন এবং তাদের স্বভাবসুলভ আচার-আচরণ আমাদের বিশেষ একটি পরিচয় তৈরি করেছে। যার ফলে আমাদের অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হয় এবং এয়ারপোর্টেও তার ব্যতিক্রম হয়নি।
যেকোনো ভ্রমণ আমাদের জীবনে ভাল মন্দ মিলিয়ে দারুন এক অভিজ্ঞতার সমষ্টি। ভ্রমণ আমাদের জীবনকে পরিপূর্ণতা দান করে বিভিন্ন আঙ্গিকে। তাই জীবনকে উপভোগ করতে ভ্রমনের বিকল্প নেই। আর যদি ভ্রমণের স্থানটি হয় আধুনিক ও দীর্ঘ ঐতিহ্যের সমন্বয়ে গঠিত একটি স্থান তাহলে আর কথায় নেই।
দুবাই হেরিটেজ ভিলেজে গিয়ে আরব আমিরাতের ৫/৬ দশক আগের জীবন যাপন আর বর্তমানের মধ্যে পার্থক্য দেখে সত্যিই অবাক হয়েছি। মাত্র কয়েক দশকের ব্যবধানে মরুভূমির একটি দেশ কি ভাবে উন্নত বিশ্বের রোল মডেলে পরিনত হয়েছে। একসময় যারা মৎস্যজীবি ছিল সময়ের ব্যবধানে আজ তারা দুনিয়ায় অন্যতম ধনী জাতি এবং বিলাল বহুল জীবন যাপন করছে।