জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৩০ ডিসেম্বর) শুরু হয়েছে। তিনশ’ আসনের মধ্যে ২৯৯টিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
দীর্ঘ দশ বছর পর সব রাজনৈতিক দল অংশ নেয়ায় তীব্র শীতেও সারা দেশে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। নির্বাচন ঘিরে যেমন উৎসবের আবহ তৈরি হয়েছে, তেমনি শঙ্কাও কাজ করছে সংশ্লিষ্টদের মাঝে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা শনিবার সংবাদ সম্মেলনে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে ভোটারদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর নেতারাও ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কর্মী, সমর্থক ও প্রার্থীদের ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের মনে অনেক সংশয় ও সন্দেহ রয়েছে। ভোটারদের সকাল সকাল কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে জোটটির পক্ষ থেকে বলা হয়, আপনারা ভয় পাবেন না। ভোটাররা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে।
এ নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে আছে। এতে সবমিলিয়ে ১ হাজার ৮৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৩৩ জন ও বাকি ১২৮ জন স্বতন্ত্র। দীর্ঘ দশ বছর পর সব রাজনৈতিক দল অংশগ্রহণ করায় প্রচণ্ড শীতের মধ্যেও সারা দেশে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।
ইসি জানিয়েছে, ভোটের মাঠের নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৭৩ হাজার সদস্য। এর মধ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকছেন ৬ লাখ ৮ হাজার সদস্য। ভোট গ্রহণ ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটের সময় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে ইসিতে ‘আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং’ সেল খোলা হয়েছে।
ইসির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রায় এক দশক পর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ২৮২ জন লড়ছেন। এর মধ্যে সরাসরি আওয়ামী লীগ দলীয় ২৬০ জন ও বিএনপির ২৫৭ জন প্রার্থী রয়েছেন।
দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা বাকিরা জোটভুক্ত শরিক দলের। এ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলে থাকা ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে লড়ছেন। পক্ষান্তরে মহাজোট ও ১৪ দলীয় জোটে থাকা ৪টি দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাঠে রয়েছেন। কারাগারে থাকায় এবারই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোটে অংশ নিতে ও ভোট দিতে পারছেন না।