হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : আজ ১৯ মার্চ । প্রথম সশস্র প্রতিরোধ দিবস । গাজীপুরের জয়দেবপুরে ১৯৭১ সালের এ দিনে মুক্তিকামী জনতা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে অগ্নিঝরা উত্তাল মার্চে এ দেশের স্বাধীনতাকামী মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে । তার ৭ মার্চের ভাষণের পরপরই মুক্তিপাগল জনতা সারা দেশে যার যা কিছু ছিলো তাই নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় ।
১৯ মার্চ জয়দেবপুরে প্রতিরোধকালে পাকিস্তানি সেনাদের গুলীতে শহীদ হন নিয়ামত, হুরমত , মনু খলিফা । আর আহত হন অনেকে । এ প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেন মরহুম হাবিবউল্লাহ, আকম মোজাম্মেল হক ( বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ), মরহুম কাজী আজিম উদ্দিন মাষ্টার, প্রয়াত আহসান উল্লাহ মাষ্টার, মরহুম মনিন্দ্র নাথ গোস্বামি, শহীদুল্লাহ বাচ্চু, আবদুস সাত্তার, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আবদুর রউফ নয়ন, সফর উদ্দিন খানসহ অনেকে ।
প্রতিরোধের খবর ছড়িয়ে পড়লে দেশব্যাপী বীর জনতা শ্লোগান তোলে , ‘ জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো ।
শহীদ মনু খলিফা স্মরণে জয়দেবপুর চৌরাস্তায় স্থাপিত হয় ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী ।
দিনটি উপলক্ষে গাজীপুরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে ।