জামানবাংলা রিপোর্ট : আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগদানের জন্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জার্মানির উদ্দেশ্যে ২৯ আগস্ট, বৃহস্পতিবার, বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জার্মানির ডুসেল্ডর্ফ শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়রই দেশের বাইরে অবস্থান করছেন।
এর আগে, ২৫ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। ডেঙ্গু আতঙ্কের এই সময়ে সাঈদ খোকনের সিঙ্গাপুর যাওয়া নিয়ে বিতর্ক চলাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও বিদেশে গেলেন।