জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং জার্মান বাংলা ২৪ ডট কম-এর প্রকাশক ও সম্পাদকের বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় স্বাগত সংবর্ধনা ও সংগীত সন্ধ্যার।জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের সংগীত পরিচালক নির্ঝর চৌধুরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এ আয়োজনে জার্মানি ও বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

সংগীত সন্ধ্যার আলোচনায় জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জার্মানি ও বাংলাদেশের মধ্যে ইউরোপভিত্তিক বৃহৎ সংগীত আসর আয়োজনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে আরও সহজে জার্মানিতে উচ্চশিক্ষার ভিসা পেতে পারে— সেই বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশে একটি অফিস স্থাপনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ের পথ আরও সুগম করা হবে। বিশেষ করে বাংলা সংগীতকে ইউরোপে বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের তথ্য ও সহায়তায় ভূমিকা রাখার লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা আসে।
সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার, উপস্থাপক ও বাচিক শিল্পী জান্নাতুল ফেরদৌসী লিজা, সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী, অভিনেত্রী টুনটুনি সোবহান, শিক্ষাবিদ রিফাত মুনমুন ও মৃত্তিকা শ্বাশতি অর্নি। মনোমুগ্ধকর পরিবেশনার পর অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী মুখরোচক খাবার।

উল্লেখ্য, জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই আঁখি হালদারের নেতৃত্বে জার্মানিতে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নিয়মিত সংগীত অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সাংস্কৃতিক অঙ্গনে দুই দেশের এই সেতুবন্ধন ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন।