দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত স্বাস্থ্যঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ জন হাম অথবা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।
এদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।