জার্মানবাংলা, কুষ্টিয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ১৬ জন প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এই আসনের প্রাক্তন সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। তিনি মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন ।
প্রাক্তন ছাত্র নেতা এ্যাড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা’র দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আফাজ উদ্দিন আহমেদের সমর্থকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া বাজারে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তারাগুনিয়া প্রাক্তন এমপি আফাজ উদ্দিন আহমেদের নিজ এলাকা। প্রায় ঘন্টাকাল ব্যাপী চলা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল চলাকালে তারাগুনিয়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
তবে অন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দৌলতপুর থানার এসআই শাহাদত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানান তিনি।
অপরদিকে সন্ধ্যায় উপজেলার আল্লারদর্গা বাজারে বর্তমান আওয়ামীলীগ দলীয় এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরাও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।