২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত তথাকথিত ‘শুদ্ধি অভিযানে’ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে চূড়ান্ত রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ঐতিহাসিক এই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে অকথ্য দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক রায় মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির এক প্রতীক্ষিত স্বীকৃতি। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচারের অন্বেষণেও এই রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।
মারিয়া এলেনা ভিগনোলি আরও বলেন, মিয়ানমারের উচিত অবিলম্বে আদালতের এই রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের ওপর চলমান সব ধরনের নিপীড়ন বন্ধ করা।
পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত রোহিঙ্গাদের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখা, নৃশংসতার পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা, আদালতের রায় মানতে মিয়ানমারের জান্তা সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করা।
সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)