ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং জলবায়ু সংকটের প্রতিবাদে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন তরুণেরা। শুক্রবার (২০ নভেম্বর) ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একযোগে এসব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ইউরোপীয় সরকারগুলো তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও মৌলিক চাহিদাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। সামরিক খাত শক্তিশালী করা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার পরিবর্তে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবি জানান তারা। ৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি তরুণদের জোট এসব কর্মসূচির আয়োজন করে। জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বাড়িভাড়া বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের অবনতিও এই বিক্ষোভের অন্যতম কারণ ছিল।
বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের হাতে ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্রতিবাদ জানাতে কোথাও আতশবাজি ফোটানো হয়, আবার কোথাও ট্যাংকের প্রতীকী কার্ডবোর্ডের কাঠামো পুড়িয়ে দেওয়া হয়। ইতালির মিলানে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন; সেখানে ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভিয়া ফেরারি বলেন, রাস্তায় নেমে তরুণেরা নিজেদের শক্তি ও প্রতিবাদের দৃঢ়তা প্রকাশ করছেন এবং সরকারের পক্ষ থেকে তাদের দাবি উপেক্ষা করা হলে নীরব থাকার কোনো সুযোগ নেই।
সুইজারল্যান্ডে আয়োজকদের হিসাবে, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও একটি বিক্ষোভ শেষে পুলিশের সঙ্গে কয়েকজনের সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। জার্মানির রাজধানী বার্লিনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন; তারা দেশটিতে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ এবং বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে এবং ট্রাফালগার স্কয়ারে কয়েক শ মানুষ জড়ো হয়ে উচ্চশিক্ষা রক্ষা ও তরুণদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী এলিজ আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লন্ডনে বিক্ষোভ চলাকালে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী কয়েকটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
এ ছাড়া ইতালির রাজধানী রোমে শিক্ষার্থীরা সরকারের নীতি, যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে শিক্ষার্থীরা সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সমালোচনা করে শিক্ষাক্ষেত্রে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান; ১৬ বছর বয়সী শিক্ষার্থী গ্যাব্রিয়েলা হিমেনো সেরানো জানান, তাদের শ্রেণিকক্ষে ৩৩ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন।
আয়োজকেরা জানিয়েছেন, সপ্তাহান্তেও ইউরোপের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত থাকতে পারে এবং শ্রমিক ইউনিয়ন ও আবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সে ২০১৮ ও ২০১৯ সালে আলোচিত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সময়কার প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান বিক্ষোভের কিছু মিল রয়েছে এবং সাম্প্রতিক সময়ে ফ্রান্সেও শিক্ষার পরিবেশ, জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার মান নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।
সূত্র: এএফপি।