যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) নতুন শুল্ক নোটিশের কড়া জবাব দিয়েছে ভারত। বুধবার (২৫ নভেম্বর) ওই নোটিশ জারির পরপরই ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের কোনো শিল্পক্ষেত্রেই প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনক্ষমতা তৈরি করা হয়নি এবং যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন।
ইউএসটিআরের ‘নোটিশ অব ডিটারমিনেশন অ্যান্ড রিকোয়েস্ট ফর কমেন্টস’ জারি হওয়ার পর ভারত সরকারিভাবে এই প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ তদন্তের পরিপ্রেক্ষিতে জারি করা সিদ্ধান্ত ও নোটিশটি সরকার পরীক্ষা করে দেখছে এবং দেশের কোনো শিল্প খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। বাণিজ্যসংক্রান্ত যেকোনো বিষয় দ্বিপক্ষীয় আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত উল্লেখ করে ভারত জানিয়েছে, দ্রুত একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার জন্য তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
মার্কিন বাণিজ্য দপ্তর ভারত ও বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্য উৎপাদন নীতি নিয়ে তদন্ত চালানোর পর বুধবার ওই নোটিশ জারি করে দেশগুলোর ওপর নতুন শুল্কহার আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের সন্দেহ, এই ১৪টি দেশ তাদের কারখানায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য উৎপাদন করছে, যা বিশ্ববাজারে পণ্যের দামে প্রভাব ফেলছে।
নতুন নোটিশ অনুযায়ী, ভারতের ক্ষেত্রে শুল্কহার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ; তবে নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার ১৭ শতাংশে নেমে আসতে পারে। ১৪ দেশের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক জারি হয়েছে চীনের ওপর, যা চুক্তি হলে ২০ শতাংশে দাঁড়াবে। চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভিয়েতনামের ওপর, যা চুক্তি হলে ২০ শতাংশে নামবে। বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তাব ১৮ শতাংশ। এ ছাড়া কম্বোডিয়া ও মালয়েশিয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সবচেয়ে কম সিঙ্গাপুরের ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক সীমা রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত বক্তব্য ও মতামত জমা দিতে হবে এবং ২৫ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া শুরুর পর থেকেই তারা যুক্তরাষ্ট্রকে সব রকম সহযোগিতা করে আসছে এবং অতিরিক্ত উৎপাদন সক্ষমতার শঙ্কা যে অমূলক, তা প্রতিটি ধাপে স্পষ্ট করেছে। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি বাণিজ্যচুক্তির ঘোষণা এবং ৭ ফেব্রুয়ারির যৌথ বিবৃতির সঙ্গে সংগতি রেখে নয়াদিল্লি দ্রুত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ২৫ শতাংশ শুল্কনীতি নিয়ে ভারতের শিল্পমহলে উদ্বেগ ও আশাবাদ দুটিই দেখা গেছে। ‘গ্রান্ট থর্নটন ভারত’-এর বিশেষজ্ঞরা মনে করছেন, সৌরশক্তি, ওষুধ, ইলেকট্রনিকস, রসায়ন, বস্ত্র, মূলধনি পণ্য, রত্ন ও গয়নাশিল্প এবং সামুদ্রিক পণ্যের মতো খাতগুলো মার্কিন তদন্তের আওতায় আসায় ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘পিএলআই’ উদ্যোগে নেতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে। তবে বাণিজ্যিক মহলের মতে, চুক্তি সই হলে শুল্কহার ১৭ শতাংশে নেমে আসার সম্ভাবনা থাকায় চীন ও ভিয়েতনামের তুলনায় ভারতের অবস্থান সুবিধাজনক হবে। অন্যদিকে, চেম্বার অব ট্রেডিং ইন্ডাস্ট্রির (সিটিআই) পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা না নিলে পাঁচ লাখ মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়বে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথা জানানো হয়েছে।
সূত্র: ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বাণিজ্য ডেস্ক।