কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের (পিআর) সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।
কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং পরে সোমবার (২৪ নভেম্বর) অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ-তে প্রকাশিত প্রতিবেদনে পরিকল্পনার বিভিন্ন দিক জানানো হয়।
নতুন ব্যবস্থায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে, যা কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার পথ সহজ করবে। তবে কতজনকে মনোনয়ন দেওয়া হবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চল নিজেদের শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করবে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তবে এই তারিখকে সবার জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় হিসেবে বিবেচনা করা যাবে না; কারণ প্রদেশভেদে আগ্রহপত্র বা নিয়োগকর্তার সহায়তায় আবেদনপ্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করে দেশটির অর্থনীতিতে অবদান রাখা দক্ষ বিদেশি কর্মীদের ধরে রাখা এবং বিভিন্ন অঞ্চলে কর্মীর ঘাটতি পূরণ করা। স্থানীয় শ্রমবাজারে চাহিদাসম্পন্ন ও নির্ধারিত শর্ত পূরণকারী কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি মিলবে না এবং সরকার এখনো সবার জন্য প্রযোজ্য নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি।
নতুন উদ্যোগে স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও বিবেচনা করা হবে। এর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আবেদনকারীরা রয়েছেন। যদিও বন্ধ হয়ে যাওয়া এসব কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণ করা হচ্ছে না, তবে আগে আবেদন করা যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে। অন্যদিকে কানাডার বৃহত্তর এককালীন পরিকল্পনায় ২০২৭ সালে অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের জন্য ১ লাখ সুযোগ ছাড়াও হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় যোগ্য আবেদনকারীদের জন্য ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য ৪৫ হাজার সুযোগ রাখা হয়েছে।
সূত্র: কানাডার সরকারি অভিবাসন বিভাগ (আইআরসিসি) ও ইমিগ্রেশন ডট সিএ।