আট বছর আগে যে মানুষটির দিন কাটত পেটের পীড়া, ডাক্তারের চেম্বার আর ওষুধের মুঠোয়, ধীরপায়ে একটু-একটু করে দৌড়াতে শুরু করা সেই সংকল্পই আজ তাঁকে পৌঁছে দিয়েছে চরম সহনশীলতার বিশ্বমঞ্চে। মালয়েশিয়ার লাংকাউইয়ে ‘আয়রনম্যান ৭০.৩’ প্রতিযোগিতা সফলভাবে শেষ করে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের ট্রাইঅ্যাথলেট রফিকুল ইসলাম।
গত ২১ নভেম্বর মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ‘আয়রনম্যান ৭০.৩’ (IRONMAN 70.3 Langkawi 2026)-এর সপ্তম আসরে অংশ নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ জয় করেন রফিকুল। প্রতিযোগিতায় ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়—এই তিনটি ধাপ সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা ছিল ৮ ঘণ্টা ৩০ মিনিট। রফিকুল তা শেষ করেন ৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ডে, যা এবারের আসরে অংশ নেওয়া ৯ জন বাংলাদেশির মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়।
লাংকাউইয়ের ফিনিশ লাইনে দাঁড়িয়ে রফিকুল বলেন, বিদেশের মাটিতে দেশের পতাকা উঁচু করে ধরার আনন্দ সত্যিই অন্যরকম। একসময় যিনি নিজের শরীরের সাথে লড়ছিলেন, সেই মানুষটির মুখে এই অনুভূতির ওজন অনেক বেশি।
লাংকাউইয়ের এই আন্তর্জাতিক মঞ্চে নামার আগে দেশের মাটিতে নিজেকে কঠোরভাবে প্রস্তুত করেছেন রফিকুল। তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, ঢাকা স্টেডিয়াম আলট্রা রান, বান্দরবানের ভার্টিক্যাল ড্রিমার্স আলট্রা, শমশেরনগর আলট্রা, হাতিরঝিল আলট্রা, ঢাকা-মাওয়া এক্সট্রিম ফুয়েল আলট্রা, সুনামগঞ্জের ‘দি অ্যাথলেট এক্স (X) আলট্রা’ এবং ‘ওয়াইল্ড ৭০.৩ ট্রায়াথলন’-সহ ৪০টিরও বেশি পদক।
আয়রনম্যান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিনের পেটের অসুখ থেকে মুক্তি পেতেই ২০১৮ সালে শখের বশে দৌড়ানো শুরু করেছিলেন তিনি। এক বছর পর যুক্ত হয় সাইক্লিং এবং কয়েক বছর পর সাঁতার। সুস্থ হওয়ার সেই লড়াই থেকেই ধাপে ধাপে নিজেকে একজন পূর্ণাঙ্গ ট্রাইঅ্যাথলেট হিসেবে গড়ে তোলেন তিনি।
ক্রিকেট ও ফুটবলের গণ্ডি পেরিয়ে ট্রায়াথলনের মতো বিশ্বমানের এন্ডুরেন্স খেলায় বাংলাদেশিদের এই সাফল্য দেশের তরুণদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে। ক্রীড়াসংশ্লিষ্টদের আশা, রফিকুলের মতো অ্যাথলেটদের হাত ধরেই বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
সূত্র: ক্রীড়া ডেস্ক ও অ্যাথলেট সূত্রে প্রাপ্ত তথ্য।