চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ১৬ অক্টোবর (শুক্রবার) ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের উলানচাবু শহর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, সবুজ উন্নয়ন উচ্চমানের উন্নয়নের অপরিহার্য অংশ। উচ্চমানের উন্নয়ন ও উচ্চমানের পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। ১৬ অক্টোবর সকালে উলানচাবু শহরে পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেন সি চিন পিং
প্রেসিডেন্ট সি বলেন, পাহাড়, নদী, বন, কৃষিজমি, হ্রদ, তৃণভূমি ও মরুভূমির সমন্বিত সুরক্ষা এবং সামগ্রিক ব্যবস্থাপনা জোরদার করতে হবে। কার্বন নিঃসরণ হ্রাস, দূষণ নিয়ন্ত্রণ, সবুজায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি—এই চার লক্ষ্য সমন্বিতভাবে এগিয়ে নিয়ে পরিবেশগত অগ্রাধিকার ও সবুজ উন্নয়নের পথ দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে এর প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিকে সম্মান করা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে চলা এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখার নীতি অনুসরণ করতে হবে। জলাভূমি সংরক্ষণ আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণের নির্ধারিত সীমারেখা কঠোরভাবে রক্ষা, বাস্তুতন্ত্রের গুণমান ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। অবক্ষয়িত জলাভূমির বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রাকৃতিক পুনরুদ্ধারকে প্রধান এবং মানুষের হস্তক্ষেপকে সহায়ক হিসেবে বিবেচনা করে বৈজ্ঞানিক ও যুক্তিসংগত পদ্ধতিতে কাজ করতে হবে।
উলানচাবুতে বায়ু ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটি সবুজ বিদ্যুৎ, জলবায়ু ও ভৌগোলিক অবস্থানের মতো নিজস্ব সুবিধা কাজে লাগিয়ে সবুজ কম্পিউটিং শিল্পের বিকাশে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।
সি চিন পিং ছাহার হাই-টেক শিল্প উন্নয়ন উদ্যানে যান। সেখানে একটি প্রদর্শনী কেন্দ্রে তিনি ইনার মঙ্গোলিয়ায় ‘পূর্বের ডেটা, পশ্চিমে কম্পিউটিং’ প্রকল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্মাণ এবং সবুজ কম্পিউটিং শিল্পের উন্নয়ন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
তিনি বলেন, ‘পূর্বের ডেটা, পশ্চিমে কম্পিউটিং’ প্রকল্প বাস্তবায়ন এবং চীনজুড়ে সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলা চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক পরিকল্পনা, প্রয়োজনীয় উপাদান ও সম্পদের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে নির্মিত প্রকল্পগুলো যাতে দক্ষতার সঙ্গে পরিচালিত হয় এবং পরবর্তী প্রকল্পগুলোর নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শিল্পের সরবরাহ ও উৎপাদন শৃঙ্খল সম্প্রসারণ এবং ডিজিটাল অর্থনীতির সঙ্গে বাস্তব অর্থনীতির গভীর সংযোগ গড়ে তুলতে হবে।
সূত্র: শুয়েই-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ