আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আসন্ন পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে কৃত্রিম সংকটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর যেকোনো অপচেষ্টা সরকার কোনোভাবেই বরদাশত করবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও শীর্ষ আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
রমজানের প্রস্তুতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বর্তমান আমদানি পাইপলাইন অত্যন্ত সন্তোষজনক ও পর্যাপ্ত। ফলে বাজারে কোনো পণ্যের ঘাটতি দেখা দেওয়ার সুযোগ নেই এবং সরবরাহ স্বাভাবিক থাকবে। তিনি আরও বলেন, কেবল রমজান নয়, বরং সারা বছরই তুলনামূলক স্থিতিশীল মূল্যে নিত্যপণ্য—বিশেষ করে শাকসবজির সরবরাহ নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি।
সারা বছর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অঞ্চলভিত্তিক কৃষি উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন করতে হবে। কোনো অঞ্চলে একটি সবজি যদি জুলাই মাসে উৎপাদিত হয়, অন্য অঞ্চলে নভেম্বরে এবং আরেকটি অঞ্চলে ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়; তবে সারা বছরই দেশব্যাপী পণ্যের নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
সূত্র: চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি / বাণিজ্য মন্ত্রণালয়।