টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব অনেক পিছিয়ে রয়েছে। এ অবস্থায় এসডিজি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদার, বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রগতি অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা ও যৌথ দায়িত্বশীলতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র: বাসস।