কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) অপ্রতিমের জানাজা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিশ্বরোডের দিকে যাত্রা করেন। পরে তাঁরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেব না’।
এ ছাড়া শিক্ষার্থীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো’, ‘আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এসব স্লোগানও দেন।
বিক্ষোভে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, তাঁরা শুধু অপ্রতিমের হত্যার প্রতিবাদে এখানে আসেননি; এটি সারা দেশের চিত্র। তাঁর ভাষ্য, কুমিল্লাতেও এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। এরপরও পুলিশ সুপার পুরস্কার পান বলে তিনি মন্তব্য করেন। অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাদিকুর।
অন্যদিকে, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া ঘটনাটিকে পুলিশ প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশ বারবার ‘ক্লু পেয়েছি’ বললেও কী ধরনের ক্লু পাওয়া গেছে, তা শিক্ষার্থীরা জানেন না। পুলিশ প্রশাসন এই ব্যর্থতার দায় স্বীকার না করা পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।