চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুটির মায়ের ফোন পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) জরুরি সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল ‘স্পেশাল-২৪’ অভিযান শুরু করে।
পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা সংগ্রহ করতে না পেরে তিনি তাঁদের ২০ মাস বয়সী কন্যা ফাতেমা আক্তারকে বিক্রি করার উদ্দেশ্যে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ করা হয়েছে।
খবর পাওয়ার পর পুলিশ নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শনিবার রাতেই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়। পরে মাদারবাড়ি এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।