জার্মানবাংলা২৪ ডটকম: বিএনপি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ষড়যন্ত্রমূলকভাবে একটি বৈধ সরকারকে হটানোর চক্রান্ত করে যাচ্ছে। যে কারণে দেশে আবারো ওয়ান-ইলেভেনের গন্ধ পাচ্ছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ইডেন মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ।
ওবায়দুল কাদের বলেন, দেশে এখন ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওয়ান-ইলেভেনে যারা দেশকে ডিপলিটিসাইজ (বিরাজনীতিকরণ) করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। যারা (মিডিয়ার ওই অংশ) উসকানি দিয়ে শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত করছে।
মন্ত্রী বলেন, বিএনপি অগণতান্ত্রিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি বৈধ সরকারকে হটানোর চক্রান্ত করছে। এদেরকে চিনে রাখতে হবে। তাদের সম্পর্কে জানতে হবে।
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামসুন নাহার, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, মারুফা আক্তার পপি প্রমুখ।