জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা ও সমস্যা সমাধানে উদ্যোগ নিলে এবং জনগণ সচেতন থাকলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রশাসনে পদায়ন বা বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব করা হচ্ছে না। এ সময় তিনি গণমাধ্যমকে অনিয়মের যেকোনো তথ্য উদঘাটন ও প্রকাশের আহ্বান জানান।
এছাড়া মোবাইল ফোনে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সরকারের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম কার্ড ব্যবহার করা যায়, সেটি ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে তা ৫ থেকে ৭টিতে নামিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।