নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ রবিবার অনুষ্ঠিত হয়েছে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইসিএসএমই প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই-এর কমান্ড্যান্ট।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন এবং কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বক্তৃতায় সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্য ও সকল বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই কোরের অবদান প্রশংসনীয়। সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে কাজ করে কোর অব ইঞ্জিনিয়ার্স ভবিষ্যতেও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএসের মহাপরিচালক, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।