পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া রাষ্ট্রদূত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বাহারুল আলম বলেন, “বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাস ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের জন্য পুলিশ সদস্যরা নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
সাক্ষাৎকালে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।