সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।
কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই-বাছাই এবং পর্যালোচনা করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি কমিশনের সঙ্গে বৈঠক করে নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেছে। এসব মতামত ও প্রস্তাব কমিশন সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে।
কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক কাজের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে বেতন কমিশনের সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।