হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, বিমানের চিফ (ফ্লাইট সেফটি) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।
কমিটির অন্য সদস্যরা হলেন-
মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি),
চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স),
উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি),
উপ-মহাব্যবস্থাপক (কার্গো–রপ্তানি),
এবং উপ-ব্যবস্থাপক (ইনস্যুরেন্স)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দায়–দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা প্রণয়ন করবে।
কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।