দুই দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে, মঙ্গলবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রবিবার বিকেলে রোমে পৌঁছেছিলেন তিনি।
সোমবার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ড. ইউনূস দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে টেকসই খাদ্যব্যবস্থা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সফরকালে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন দেশের নেতা ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়।