জার্মানবাংলা২৪ ডটকম, ২৮ জুন : দক্ষিণ সুদানে বাংলাদেশী একজন শান্তিরক্ষীকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। মুখপাত্রের মাধ্যমে তিনি নিহত লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকীর পরিবারের সদস্য ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার (২৬ জুন) প্রকাশ করা ওই খবরে বলা হয়, বাংলাদেশী ওই শান্তিরক্ষী দক্ষিণ সুদানে বিপন্ন সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা সরবরাহ করতেন। এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায় বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব।
একই সঙ্গে বলা হয়, ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) মিশনে নিয়োজিত সাহসী সব পুরুষ ও নারী, যারা সেবা দিচ্ছেন দক্ষিণ সুদানের বেসামরিক মানুষজনকে রক্ষা করতে ও স্থিতিশীলতা রক্ষার জন্য তাদের প্রতি জাতিসংঘ মহাসচিব তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। নিহত বাংলাদেশী শান্তিরক্ষীর নাম লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকী বলে জানিয়েছে ইউএনএমআইএসএস। নেপালি শান্তিরক্ষীদের একটি বহরের সঙ্গে ছিলেন। তাদের লক্ষ্য ছিল মানবিক সুরক্ষা নিশ্চিত করা। ইয়েই এলাকা থেকে লাসু যাওয়ার পথে তাদের ওপর হামলা হয়। এ সময় অজ্ঞাত অস্ত্রধারীরা তাদের গাড়িবহরের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে বিবৃতিতে বলা হয়।
ইউএনএমআইএসএস-এর মুখপাত্র বলেছেন, এ সময় বাংলাদেশী ওই শান্তিরক্ষীর গুলি লাগে এবং অল্প সময় পরেই তিনি মারা যান।
এসআর//