হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নং গেইট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব।
২৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদের হামলায় আহত কাভার্ডভ্যান চালক আব্দুল কালাম ও হেলপার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকার ইন্তাজ আলী রাজু, একই এলাকার মো. আরিফ হোসেন, দিঘীর চালা এলাকার মো. আল আমিন হুসাইন, একই এলাকার সাজ্জাদ হোসেন ওরফে সজিব, মো. জাকির হোসাইন, সোহাগ মিয়া ও মো. শাকিল মিয়া।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতর একটি সংঘবদ্ধ ডাকাত দল কাভার্ডভ্যান থামিয়ে ড্রাইভারকে গাছের সাথে বেধে রেখে মারধর করে গাড়ীর মালামাল লুট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় ওই পার্কের ৪নং গেইট এলাকায় গভীর বনের ভেতর অভিযান পরিচালনা করে অভিযুক্ত ডাকাতদের আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২টি রাম-দা, ৪ টি চাপাতি, ডাকাতির নগদ ১৬ হাজার টাকা এবং ৮ টি মোবাইল ফোনসহ আহত অবস্থায় ভিকটিম ড্রাইভার মো. আব্দুল কালাম এবং হেলপার আহম্মেদ আলীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আহত ভিকটিমদ্বয়কে জরুরী চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।