স্পোর্টস ডেস্ক: দেপোর্তিভো লা করুনাকে দ্বিতীয় বিভাগে নামিয়ে শিরোপা উৎসব করল বার্সেলোনা। এক পয়েন্ট পেলেই যথেষ্ট ছিল। কিন্তু তার চেয়েও বেশি করল তারা। ৪-২ গোলে জিতে স্প্যানিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব রিয়াল মাদ্রিদের কাছ থেকে কেড়ে নিল এরনেস্তো ভালভারদের শিষ্যরা। কোপা দেল রের পর লা লিগা জিতে এই মৌসুমে ‘দ্বিমুকুট’ অর্জন করল তারা।

কাপ জয়ী বার্সাকে গার্ড অব অনার দিয়েছিল দেপোর্তিভো
লা লিগায় ২৫তম শিরোপা উৎসবের সব প্রস্তুতি নিয়েই রবিবার রিয়াজোরে এসেছিল বার্সা। কিন্তু দুই গোলে পিছিয়ে থাকা দেপোর্তিভো সমতা ফিরিয়ে আচমকা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ফিরে এসেছিল গত মৌসুমে এই মাঠেই ২-১ গোলে বার্সার হারের স্মৃতি। তবে লিওনেল মেসি উৎসবের প্রস্তুতি মাটি হতে দিলেন না। তার হ্যাটট্রিকে দারুণ জয়ে চার মৌসুমে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।এক বছর আগে বার্সার অঘটনের পুনরাবৃত্তির আভাস দিয়েছিল দেপোর্তিভো। কিন্তু লা লিগায় টিকে থাকার লড়াইয়ে কাতালানদের আরেকবার হারাতে পারল না তারা। বরং মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নেমে যেতে হলো সেগুন্দা ডিভিশনে।
গোলমুখ খুলতে ৭ মিনিট লেগেছে বার্সার। ডানপ্রান্ত দিয়ে ডিবক্সে ঢুকে যান উসমান দেম্বেলে, প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে না পারায় কাটব্যাক করেন ফিলিপে কৌতিনিয়োকে। প্রথম চেষ্টাতেই গোলপোস্টের বাঁপ্রান্ত দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ১৮ ম্যাচে পঞ্চম গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
১৭ মিনিটে পাল্টা জবাব দেয় দেপোর্তিভো। রাউল আলবেনতোসার হেড মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন লুকাস পেরেজ। কিন্তু তাদের গোল উদযাপন করতে দেয়নি অফসাইডের বাঁশি। ২৮ মিনিটে গোলবারের উপর দিয়ে বল মেরে আরেকবার সুযোগ নষ্ট করেন আর্সেনাল থেকে ধারে খেলতে আসা পেরেজ।

সবার আগে গোলমুখ খোলেন কৌতিনিয়ো
দুই মিনিট পর দেপোর্তিভো গোলরক্ষক রুবেন মার্টিনেজ আশাহত করেন মেসিকে। ৩০ গজ দূর থেকে নেওয়া আর্জেন্টাইন তারকার বাঁকানো ফ্রিকিক বাঁদিকে লাফিয়ে পড়ে ঠেকান তিনি।এরপর দেপোর্তিভো দুইবার খুব কাছে গিয়েও গোল করতে পারেনি। প্রথমবার মাইকেল ক্রোন দেহলির ক্রসে ঠিকভাবে সংযোগ করতে পারেননি বোরহা ভায়ে। ছয় গজ দূর থেকে ফ্যাবিয়ান স্কারের হেড গোলবারের ওপর দিয়ে চলে যায়।
বার্সা ব্যবধান দ্বিগুণ করে ৩৮ মিনিটে। লুই সুয়ারেসের নিখুঁত ক্রসে দুর্দান্ত ভলিতে ৩০তম লিগ গোল করেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে ৭টি ভিন্ন মৌসুমে ৩০ বা তার বেশি গোল করে লা লিগায় ইতিহাস গড়েন তিনি।
অবশ্য উচ্ছ্বসিত বার্সার লাগাম টেনে ধরে দেপোর্তিভো। ৪০ মিনিটে ভায়ের বানিয়ে দেওয়া বলে গোল শোধ দেন পেরেজ। বিরতির পর ফিরে ৬৪ মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। বার্সার রক্ষণ চিড়ে ঢুকে পড়েন ভায়ে, তিনি পাস দেন কেলসো বোর্গেসকে। তার চতুর পাসে এমরে কোলাক পরাস্ত করেন মার্ক আন্দ্রে টের স্টেগেনকে।

নাচে গানে শিরোপা উৎসব করল বার্সা
তারপর মেসি ও সুয়ারেস দারুণ দুটি সুযোগ নষ্ট করায় বার্সা খানিকটা ভেঙে পড়েছিল। তবে দুজনের চেষ্টায় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। সুয়ারেসের পাস থেকে ৮২ মিনিটে আবার দলকে এগিয়ে দেন মেসি। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩২তম গোল করে গোল্ডেন শ্যুর লড়াইয়ে লিভারপুলের মোহাম্মদ সালাহকে পেছনে ফেলেন মেসি।
৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হলো বার্সা। ৩৫ ম্যাচে তাদের চেয়ে ১১ পয়েন্ট পেছনে অ্যাতলেতিকো মাদ্রিদ (৭৫)। রিয়াল ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। গোল ডটকম